কলকাতা : অবসরকালীন বিচারপতির পদ অবিলম্বে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুমকি দিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।
কলকাতা হাইকোর্টে যেখানে এখন বিচারপতির অনুমোদিত সংখ্যা ৭২, সেখানে আছেন ৩৩ জন। অর্থাৎ, ৩৯টি পদ শূন্য। ৩৩ জনের মধ্যে আবার তিন জন আগামী মাসে অবসর নেবেন, এক জন বদলি হচ্ছেন দিল্লিতে।
বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উত্তম মজুমদার জানান, “তিন জন বিচারপতি অবসর ও এক জন বদলি হওয়ার পর আগামী ফেব্রুয়ারি থেকে এখানে বিচারপতির সংখ্যা কমে দাঁড়াবে ২৯। এই পরিস্থিতিতে আমরা কর্তৃপক্ষকে (সুপ্রিম কোর্ট ও কেন্দ্র) এক মাসের সময় দিচ্ছি। এর মধ্যে অন্তত ২১টি পদ পূরণ করতে হবে। আর তা না হলে, পর্যায়ক্রমে আন্দোলন, এমনকী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করা ছাড়া উপায় থাকবে না। দাবি আদায়ের জন্য কলকাতর্টের আইনজীবীরা ১৭ ফেব্রুয়ারির পর দু’দিনের অবস্থান বিক্ষোভে বসবেন। এর পর প্রথমে এক দিনের কর্মবিরতি, তাতেও দাবি না মানা হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে যেতে বাধ্য হব।”
আদালত সূত্রের খবর, প্রায় ৩ লক্ষ মামলা এই হাইকোর্টে বকেয়া। এগুলি শুনানির জন্য অন্তত ৫০ জন বিচারপতি দরকার। উত্তমবাবু বলেন, “এখনকার বিচারপতিদের ওপর অত্যাধিক চাপ পড়ছে। মনযোগ দিয়ে মামলার গতিপ্রকৃতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া ওঁদের পক্ষে কষ্টকর হয়ে উঠছে।” প্রস্তাবিত অনির্দিষ্ট কর্মবিরতি হলে মক্কেলদের সমস্যা হবে। এ কারণে তাঁদের কাছে আগাম ক্ষমা চেয়ে রেখেছে বার অ্যাসোসিয়েশন।
কলকাতা হাইকোর্টে বিচারপতির শূন্য পদ পূরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির হস্তক্ষেপও দাবি করেছে বার অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক অমল মুখোপাধ্যায় বলেন, “আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের কাছে বার বার আবেদন করেছি। লাভ হয়নি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন