হাওড়া : হাওড়ার নাজিরগঞ্জের পাঁচপাড়া এলাকায় বাবার অভিযোগের ভিত্তিতে ম্যাজিসট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ৷ শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, প্রতিবেশী যুবকই শিশুকে খুন করেছে৷ এদিন সেই অভিযুক্তর বাড়িতে স্থানীয়রা ভাঙচুরও চালায়৷ অভিযুক্ত অবশ্য পলাতক৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
মৃত শিশুর বাবা রুরুল আমিনের অভিযোগ, প্রতিবেশী শেখ আলাউদ্দিনই তাঁর শিশুপুত্রকে খুন করে কবরে পুঁতে দিয়েছে৷ গুরুতর এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ৷ এদিন ম্যাজিসট্রেটের উপস্থিতিতে পুলিশ দেহটি কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠায়৷ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমিনের স্ত্রী সম্প্রতি শিশুপুত্রকে নিয়ে প্রতিবেশী আলাউদ্দিনের সঙ্গে পালিয়ে যায়৷ কয়েকদিন আগে আমিন জানতে পারেন তাঁর শিশুপুত্র নাকি মারা গিয়েছে৷ এলাকাতেই তাকে কবর দেওয়া হয়েছে৷ যদিও এবিষয়ে তাঁর চরম সন্দেহ হয়৷ এরপরই তিনি পুলিশের কাছে অভিযুক্তর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে৷ এদিন সকালে পুলিশ কবর থেকে শিশুপুত্রের দেহ তুলতে গেলে এলাকায় উত্তেজনা ছড়ায়৷ উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায়৷ উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন