লজ্জা! নেতাজির মুর্তি ভাঙার প্রতিবাদ কি হবে না? - Aaj Bikel
লজ্জা! নেতাজির মুর্তি ভাঙার প্রতিবাদ কি হবে না?

লজ্জা! নেতাজির মুর্তি ভাঙার প্রতিবাদ কি হবে না?

Share This

দুর্গাপুর : জন্মদিবসে উন্মোচনের আগেই ভেঙে ফেলা হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মুর্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা গ্রামে। জন্মদিবসে দেশনায়ককে অবমাননায় ক্ষুব্ধ বুদবুদের কোটা গ্রামের বাসিন্দারা| অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী|

স্থানীয় সূত্রের খবর, বুদবুদের কোটা গ্রামে অবস্থিত সরকারি রেজিষ্ট্রিকৃত ক্লাব নিউ নবারুন সংঘ সম্প্রতি রাজ্য সরকারের আর্থিক অনুদান পেয়েছে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মুর্তি বসানো দীর্ঘদিনের স্বপ্ন ছিল গ্রামবাসীদের। সেই মতো চলতি বছরই প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে সিমেন্টের নেতাজির আবক্ষ মুর্তি তৈরি করা হয়। সোমবার ক্লাবের সামনে সিমেন্ট দিয়ে তা বসানো হয়। মঙ্গলবার জন্মদিবসে আবক্ষ মুর্তিটি উন্মোচনের আয়োজন করেছিল ক্লাব সদস্যরা। কিন্তু সাত সকালে গ্রামবাসীদের নজরে পড়ে মুর্তি ভাঙা পড়ে রয়েছে। মুর্তিটির নাকও মুখের অংশ ভেঙে দেওয়া হয়েছে। ওই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।

কোটা গ্রাম নিউ নবারুন সংঘের সহ সম্পাদক বাসুদেব আঁকুড়ে জানান," অনেকদিনের স্বপ্ন ছিল নেতাজির মুর্তি বসাবো ক্লাব প্রাঙ্গনে। জন্মদিনে সাড়ম্বরে সম্মানের সঙ্গে উন্মোচন করব। কিন্তু মুর্তিটি ভেঙে সমাজবিরোধীরা যে জঘন্য কাজটা করেছে, সেটা মানতে পারছি না। এটা সারা দেশের সম্মানে আঘাত করেছে। তাই অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।" এদিকে গ্রামবাসীদের ক্ষোভে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পুলিশকে ঘিরে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ডিসি অভিষেক মোদী জানান," ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই: