দুর্গাপুরে যুবকের রহস্যমৃত্যুতে উত্তেজনা, তদন্তের দাবীতে মৃতদেহ তুলতে বাধা - Aaj Bikel
দুর্গাপুরে যুবকের রহস্যমৃত্যুতে উত্তেজনা, তদন্তের দাবীতে মৃতদেহ তুলতে বাধা

দুর্গাপুরে যুবকের রহস্যমৃত্যুতে উত্তেজনা, তদন্তের দাবীতে মৃতদেহ তুলতে বাধা

Share This


দুর্গাপুর : যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চরম উত্তজনা ছড়াল। পরিবারের দাবী খুন, কুকুর নিয়ে তদন্তের দাবীতে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা ক্ষুব্ধ বাসিন্দাদের। শনিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ১৫ নং ওয়ার্ড গোঁসাই নগরে। মৃতের নাম পল্টু ধীবর(২৬) ওই এলাকারই বাসিন্দা। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশবাহীনি ও কমব্যট ফোর্স।

ঘটনায় মৃতের পরিবার সূত্রে জানা গেছে, পল্টু ধীবর পেশায় গাড়ী চালক। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল। শনিবার সকাল পাড়ার একটি পাঁচিল ঘেরা জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।ঝুলন্ত দেহের পাশে পরনের প্যান্ট পড়ে রয়েছে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাস। আর তাতেই রহস্যের দানা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। গাছ থেকে মৃতদেহ নামাতে গেলে, স্থানীয় বাসিন্দাদের রোষের মুখে পড়ে পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নামে কমব্যাট ফোর্স। উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। এবং পুলিশ স্নিপার ডগ নিয়ে তদন্ত শুরু করে।

 যদিও কুকুরটি ঘটনাস্থল থেকে তার বাড়ী পর্যন্ত যায়। ক্ষুব্ধ বাসিন্দা সুমিত্রা মন্ডল জানান," পাঁচিল ঘেরা নির্জন এলাকায় অবাধে চলে মদ ও জুয়ার আসর। জুয়ার আসর থেকে খুন বলে অনুমান।" মৃতের ভাই লাল্টু ধীবর জানান," ভাই পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। এসব জায়গায় আসে না। শুক্রবার রাতে তাকে ফোনে কেউ ডেকেছে। তারপর থেকে আর পাওয়া যায়নি। আমাদের অনুমান খুন করা হয়েছে। তাই পুলিশের কাছে সঠিক তদন্তের দাবী জানিয়েছি।" এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এসিপি(পুর্ব) উমেশ গনপত। তিনি জানান," মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই রহস্য জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই: