গুয়াহাটি : সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে পাণ্ডু-মালিগাঁওয়েও নেতজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। মালিগাঁওয়ের জনসাধারণকে সঙ্গে নিয়ে নেতাজি সুভাষচন্দ্রের ১২১তম জন্মজয়ন্তী পালন করেছে সারা অসম হিন্দু যুব পরিষদ নামের অরাজনৈতিক সংগঠন।
মহান নেতার জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে এক বাইক মিছিল বের করা হয়। মিছিলটি পাণ্ডু থেকে বের হয়ে পাণ্ডু-মালিগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরে শান্তিপুর থেকে ফিরে আসে। তার পর নেজাজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার সঙ্গে মহান মনীষীকে স্মরণ করা হয়।
এদিকে, নেতাজির অন্তর্ধানরহস্য আজ পর্যন্ত উন্মোচিত করতে না পারায় তদানীন্তন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন সংগঠনের পদাধিকারীরা। সংগঠনের আশা, বিজেপি সরকার এ বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করলে নেতাজির অন্তর্ধানরহস্য বের হবে। সংগঠনটি নেতাজির জন্মদিনকে "দেশপ্রেম দিবস" হিসেবে উৎসর্গ করার আহ্বান জানিয়েছে সরকারের কাছে। নেতাজি জন্মজয়ন্তী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন কটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী, সারা অসম হিন্দু যুব পরিষদের সভাপতি কৈলাশ মাহাতো, দুর্গা মণ্ডপের সভাপতি সেন কিশোর প্রমুখ বিশিষ্টরা।
ওদিকে আদাবাড়ি তিনালি নেতাজি সুভাষ সমাজ বিকাশ পরিষদ, কালাপাহাড়-কাহিলিপাড়া নেতাজি সংঘ প্রভৃতি নানা নেতাজি অনুগামী সংগঠন বীর সেনানির জন্মজয়ন্তী উপলক্ষে কচিকাঁচাদের মধ্যে চিত্রাঙ্কান, কুইজ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করেছে। পাণ্ডু নেতাজি স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে পালন করা হয় নেতাজি জন্মজয়ন্তী। এই উপলক্ষে চিত্রাঙ্কন এবং সংগীত প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পান্ডুর জয়হিন্দ ক্লাব ও আজাদহিন্দ ক্লাবও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। অনুরূপ ‘জয়হিন্দ’ স্লোগানের স্রষ্টার ১২১তম জন্মজয়ন্তী পালন করেছে নেতাজি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন