হাফলং : অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের নাগা অধ্যুষিত কিছু অঞ্চল প্রস্তাবিত বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এক খবরের ভিত্তিতে ডিমাসা জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন জেলা সদরে এক বিশাল মিছিল বের করে আবহাওয়া উত্তপ্ত করে দিয়েছিল সোমবার।
ফ্রন্টিয়ার নাগাল্যান্ডের ভিত্তিতে শান্তিচুক্তির নামে চর্চিত নাগা ফ্র্যামওয়ার্কের খসড়া আরএসএস নেতা জগদম্বা মল তৈরি করেছেন বলে দিল্লি-ভিত্তিক এক পোর্টাল ‘ওয়ার নিউদিল্লি’তে সম্প্রচারিত খবরে বেজায় চটেছে স্থানীয় ডিমাসা সংগঠনগুলি। গতকালের মিছিলে অংশগ্রহণকারী তিন উন্মত্ত যুবক সদর হাফলঙে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি পেট্রোল ঢেলে আগুন ধরানোর অপচেষ্টা করে। তারা কার্যালয়ে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয়। তবে পুলিশ ও সিসআরপিএফ-এর তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছ আরএসএস কার্যালয়। ইতিমধ্যে ঘটনা সম্পর্কে হাফলং থানায় এক এফআইআর করা হয়েছে। এফআইআর-এর ভিত্তিতে এক মামলা রুজু করে দুষ্কৃতীদের ধরতে ময়দানে নেমেছে পুলিশ। ভাঙচুরের আগে সিসিটিভির ফুটেজে যতটুকু চিত্র বন্দি হয়েছে তাতে এক দুর্বৃত্তের পরিষ্কার ছবি স্পষ্ট ধরা পড়েছে। তবে এখন পর্যন্ত কোনও ধরপাকড়ের খবর পাওয়া যায়নি।
‘আরএসএস-এর প্রচারক জগদম্বা মল’-এর তৈরি প্রস্তাবিত খসড়া চুক্তিতে বৃহত্তর নাগালিমে ডিমা হাসাও জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উড়ো খবরের উপর ভিত্তি করে প্রতিবাদে নেমেছে ডিমাসা জনগোষ্ঠীর প্রধান সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন, ডিমাসা মাদারস্ অ্যাসোসিয়েশন। সংগঠনগুলির পাশাপাশি জেলার বিভিন্ন এনজিও আগামী গণতন্ত্র দিবস বয়কট-সহ ২৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধের হুমকি দিয়েছে।
তাছাড়া পূর্ব সূচি অনুযায়ী ওই সংগঠনগুলির উদ্যোগে সোমবার এক প্রতিবাদী মিছিল শৈলশহর হাফলঙে বের হওয়ার পর এদিন রাতে আরএসএস কার্যালয়ে হামলা চালানো হয়। সহস্রাধিক মহিলা-পুরুষ এদিন শহরের রাজপথ কাঁপিয়ে তুলে আরএসএস গো-ব্যাক স্লোগানে পুরো শহর উত্তাল করে তোলার পাশাপাশি ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রচারক’ জগদম্বা মলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি এবং নাগা ফ্রেমওয়ার্ক থেকে ডিমা হাসাও জেলার নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জেলাশাসক দেবজ্যোতি হাজরিকার মাধ্যমে এক স্মারকলিপি পাঠানো হয়েছে।
প্রসঙ্গত এখানে উল্লেখ করা যেতে পারে, দিল্লি-ভিত্তিক পোর্টাল ‘ওয়ার নিউদিল্লি’তে জগদম্বা মলকে জড়িয়ে যে খবর সম্প্রচার করা হয়েছে তাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং পুরো মনেগড়া বলে স্পষ্টীকরণ দিয়েছেন খোদ জগদম্বা। তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর খবর সম্প্রচার করার জন্য সকলের কাছে ক্ষমা চাইতে লিখিতভাবে বলেছেন সংশ্লিষ্ট পোর্টালের সহকারী সম্পাদক সংগীতাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন