কলকাতা : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মঙ্গলবার দুপুরে সল্টলেকের আমরি হাসপাতালে গেলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায় ৷ এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দিলীপ ঘোষকে ৷ খড়গপুরের বিধায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷ তারপরেই আজ পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে পৌঁছে দেখা করলেন দিলীপবাবুর সঙ্গে ৷
এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন দিলীপ ঘোষ ৷ প্রাথমিক রোগনির্ণয়ে তাঁর স্পাইনাল কর্ডের কোমরের দিকের অংশে স্লিপ ডিস্ক অর্থাৎ, ডিস্ক প্রোল্যাপস ধরা পড়েছে ৷ এই কারণে এমআরআই সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷ তবে, ডাক্তারদের একাংশের তরফে বলা হয়েছে, স্লিপ ডিস্কের চিকিৎসায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন হবে, না কি, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী অর্থাৎ, ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে দিলীপ ঘোষকে সুস্থ করে তোলা হবে, সেই বিষয়ে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
সরস্বতী পুজো উপলক্ষ্যে নিজের বিধানসভা এলাকা খড়গপুরে গিয়েছিলেন ৷ রবিবার সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় আনা হয় ৷ ভর্তি করা হয় আমরি হাসপাতালে৷ সোমবার দুপুরের পর থেকেই ওই হাসপাতালে যাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা ৷ গতকালের মতো এদিনও সেখানে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায় ৷ রাজ্যস্তরের আরও অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন ৷ গিয়েছিলেন পার্থ চট্টপাধ্যায়ও ৷ তাঁদের সঙ্গে পার্থবাবুর কোনও কথা হয়েছিল কি না, তা জানা যায়নি ৷
তবে এদিন বিজেপিকে তীব্র কটাক্ষ করেন পার্থবাবু ৷ শিবসেনার এন ডি এ ছাড়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘দেখুন, ভবিষ্যতে একে একে সবাই বিজেপির সঙ্গ ছাড়বে’। কেন্দ্রে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তৃণমূল । সম্প্রতি মুম্বই সফরে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোরগোলও পড়েছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন