পাথারকান্দি : প্রথমবারের মতো লোয়াইরপোয়া এলাকার সলগই শিবমন্দির লাগোয়া আসাইঘাট গ্রামে তিন দিবসীয় সনাতন সম্মেলন-সহ সঙ্গীতময় শ্রীমদভাগবত কথা ও বিশ্বশান্তি মহাযজ্ঞের আযোজন করেছে স্থানীয় বিশ্বশান্তি মহাযজ্ঞ আয়োজক কমিটি। মূল অনুষ্ঠান ২৪ জানুয়ারি বুধবার শুরু হবে। সমাপ্তি /ঘটবে ২৮ জানুয়ারি রবিবার। ধর্মীয় অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করতে ব্যাপক আয়োজনে মেতে উঠেছেন আয়োজক মণ্ডলীর কর্মকর্তারা। মহাযজ্ঞ নিয়ে উত্তর আসাইঘাট গ্রামের মাঠে চলছে প্যান্ডেল বানানোর তোড়জোড়।
দূর-দূরান্ত থেকে আসছেন সাধুসন্তরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ। উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে আসছেন বাচিক তথা ভজনশিল্পী গীতাশাস্ত্রী মানিক শুক্লবৈদ্য। যজ্ঞের পুরোহিত হিসেবে শ্রীশ্রী বৃন্দাবনধাম থেকে আসবেন আচার্ষ বিবেককৃষ্ণ শাস্ত্রী। এ ছাড়া আসছেন আরও একঝাক স্বনামধন্য পণ্ডিতমণ্ডলী-সহ গুণীজন।
এ ব্যাপারে আয়োজক কমিটির পক্ষে বিশ্বজিৎ বৈদ্য জানান, কালক্রমে নানা প্রতিবন্ধকতার কারণে সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার হচ্ছে না। বিপথগামী হচ্ছে হিন্দু সমাজের যুবপ্রজন্ম। কিছুটা হলেও লাগাম ধরার প্রচেষ্টা হিসেবে এই ক্ষুদ্র আয়োজন। মাঙ্গলিক অনুষ্ঠানের ডালিতে রয়েছে বুধবার সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গঙ্গাযাত্রা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণুপূজা, শ্রীমদভাগবত পূজা, সভাপতির আসন গ্রহণ, অতিথি বরণ, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান, স্বাগত সঙ্গীত, স্বস্তিপাঠ-স্বস্তিবচন। প্রবচক হিসেবে থাকবেন ভারত সেবাশ্রম সংঘের শ্রীমৎ স্বামী মৃন্ময়ানন্দজি মহারাজ।
২৫ জানুয়ারির নির্ঘণ্টে রয়েছে শ্রীমদভাগবত কথা-সহ দুপুর দেড়টা থেকে ধর্মসভায় প্রশ্নোত্তর পর্ব ও শাস্ত্রীয় আলোচনা। ২৬ জানুয়ারির মাঙ্গলিক পর্বে থাকবে জাতীয় পতাকা উত্তোলন, পড়ুয়াদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত পুরস্কার বিতরণ ইত্যাদি।২৭ জানুয়ারির মাঙ্গলিক পর্বে থাকছে দুপুর দেড়টা থেকে ছয়টা পর্যন্ত শ্রীমদভাগবত পাঠ ও প্রশ্নোত্তর পর্ব। ২৮ জানুয়ারি রবিবার সকাল ছয়টা থেকে যজ্ঞের পূর্ণাহুতির শুভারম্ভ, সংকীর্তন-সহ শোভাযাত্রা সঙ্গম ও চৌদ্দ মাদল শ্রীনাম সংকীর্তন শেষে দুপুর একটা থেকে মহাপ্রসাদ বিতরণ পর্ব।
উল্লেখ্য, এই যজ্ঞানুষ্ঠানে সরাসরি অগ্নিসংযোগ ছাড়াই বৈদিক আচরণ নিয়ম-কানুন ও শাস্ত্রীয় পৌরাণিক উপাচারে মহাযজ্ঞে অগ্নি সংযোগের ব্যাবস্থা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন