ডুবুরি নামিয়েও খোঁজ মিলল না ফ্লোটেলের কর্তার - Aaj Bikel
ডুবুরি নামিয়েও খোঁজ মিলল না ফ্লোটেলের কর্তার

ডুবুরি নামিয়েও খোঁজ মিলল না ফ্লোটেলের কর্তার

Share This


কলকাতা : ডুবুরি নামিয়েও খোঁজ মিল না গঙ্গায় ভাসমান হোটেল ফ্লোটেলের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম বসুর । শনিবার রাতে নাজিরগঞ্জে পিকনিক করতে গিয়ে লঞ্চ থেকে পড়ে গঙ্গায় তলিয়ে যান তিনি । সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি । এই নিখোঁজ হওয়ার ঘটনায় অরিন্দম বসুর স্ত্রী পশ্চিম বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, অরিন্দম বসু পড়ে যাননি তাঁকে হত্যা করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি নিছকই দুর্ঘটনা ।

শনিবার হোটেলের কর্মীদের নিয়ে পিকনিক করতে বেরিয়েছিলেন ফ্লোটেলের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম বসু । পরিকল্পনা ছিল, গঙ্গাবক্ষে লঞ্চে করে কিছুটা দূরে গিয়ে একটু আনন্দ করবেন । আর তাতেই ঘটল বিপত্তি ।পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই লঞ্চ থেকে নদীতে পড়ে যান অরিন্দমবাবু । দুর্ঘটনাটি ঘটে হাওড়ার নাজিরগঞ্জের পোদরাঘাটের কাছে । খবর দেওয়া হয় পশ্চিম বন্দর থানায় । জল পুলিশকে সঙ্গে নিয়ে গঙ্গায় তল্লাশিতে নামে পুলিশ । কিন্তু, শীতের দিনে তাড়াতাড়ি সন্ধে নামে । কমে যায় দৃশ্যমানতাও । তাই রাতের অন্ধকারে উদ্ধারকাজ তেমন চালানো যায়নি । তবে যেটুকু তল্লাশি চালানো গিয়েছে, তাতে খোঁজ মেলেনি অরিন্দম বসুর । তবে রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল প্রশিক্ষিত ডুবুরি নামিয়ে ফের তল্লাশি অভিযান শুরু করে । কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ মেলে নি ।

সাধারণত লঞ্চের ডেক রেলিং দিয়ে ঘেরা থাকে । তবে যাত্রীদের ওঠা-নামার জন্য একটি অংশে রেলিংয়ে বেশ কিছুটা ফাঁক রাখা হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে সেই ফাঁক গলেই গঙ্গায় পড়ে যান অরিন্দমবাবু । এটি নেহাতই দুর্ঘটনা ।

কোন মন্তব্য নেই: