জাকার্তা : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা| ভূকম্পন অনুভূত হয়েছে লেবাক, বানতেন এবং পশ্চিম জাভা সহ রাজধানী সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| যদিও প্রথমে জাকার্তার মেটেওরোলজি, ক্লাইম্যাটোলজি এবং জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪| পরে বিএমকেজি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১| এক মিনিটের একটু কম সময় ধরে ভূকম্পন টের পাওয়া যায়| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| তবে, জোরালো ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে রাজধানীর বহু মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন| রাজধানীর রাজপথে তীব্র যানজটের সৃষ্টি হয়|
জাকার্তার মেটেওরোলজি, ক্লাইম্যাটোলজি এবং জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১.৩৪ মিনিট নাগাদ ৬.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জাকার্তায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল প্রাদেশিক শহর লেবাক থেকে ৮১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বানতেন-এ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর-বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন| এমনকি সেন্ট্রাল জাকার্তায় হাউস রিপ্রেসেন্টিটিভি থেকে বেরিয়ে আসেন আইন নির্মাতারা| ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসায় দক্ষিণ জাকার্তার কুনিনগান এবং সেনায়ান প্রভৃতি জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে| বানতেন প্রদেশের পান্ডেগলাং-এ একটি স্কুল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে|
উল্লেখ্য, গত মাসেই ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ার জনপ্রিয়-পর্যটক প্রিয় জাভা দ্বীপে| ৬.৪ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৩ জনের এবং আহত হয়েছিলেন কমপক্ষে ৭ জন|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন