অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পরেও ধিকিধিকি জ্বলছে দমদম গোরাবাজার - Aaj Bikel
অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পরেও ধিকিধিকি জ্বলছে দমদম গোরাবাজার

অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পরেও ধিকিধিকি জ্বলছে দমদম গোরাবাজার

Share This

কলকাতা : আগুন নিভলেও অগ্নিকাণ্ডের ৪০ ঘণ্টা পরেও ধিকিধিকি জ্বলছে দমদমের গোরাবাজার । বিধ্বংসী আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাজার । ভস্মীভূত বাজার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে । তার মধ্যেই অবশিষ্ট কিছু খুঁজে পাওয়ার আশায় হাতড়ে বেড়াচ্ছেন ব্যবসায়ীরা । পড়ছে দীর্ঘশ্বাস । আশা, কিছু একটা করবে পৌরসভা বা রাজ্য সরকার ।

দমকল কর্মীরা জানান,বেশ কয়েকটি ফায়ার পকেট রয়ে গিয়েছে । কুলিং প্রসেস চালাচ্ছেন দমকলকর্মীরা । চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ । মঙ্গলবার ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক দল । আগুনে সর্বস্ব খুইয়ে আতান্তরে পড়েছেন ব্যবসায়ীরা । ভবিষ্যতের চিন্তায় ঘুম উড়েছে । ভয়াবহ আগুনের জেরে হুঁশ ফিরেছে প্রশাসনেরও । মঙ্গলবার থানা, পুরসভা, বাজার কমিটিকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে । বৈঠকে বাজারের সুরক্ষা, পুনর্গঠন, ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বিষয়ে আলোচনা হবে । বৈঠকে থাকবেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু ।

রবিবার রাত দেড়টা নাগাদ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় দমদম গোরাবাজারের প্রায় ২০০টি দোকান ৷ ১০ বছরে এই নিয়ে ৩ বার । অপরিসর রাস্তা, জলের অভাব, আগুন নেভাতে ১২ ঘণ্টার বেশি লড়তে হয় দমকলকে । প্রাথমিকভাবে দমকলের ওপর তৈরি হওয়া ক্ষোভ ক্রমে পরিণত হয় হতাশা ও দীর্ঘশ্বাসে । এদিকে, গোরাবাজার অগ্নিকাণ্ডে বাজারের অগ্নিনির্বাপণ ব্যবস্থার দিকে আঙুল তুলেছে দমকল । তবে এব্যাপারে তাদের কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছে পুরসভা । তাদের দাবি, যে সামান্য কর গোরাবাজার থেকে মেলে তাতে অগ্নিনির্বাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় । ব্যবসায়ীদের বিমা তো দূর অস্ত ।

পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে দু’জন ব্যবসায়ীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ৷ মৃত দুই ব্যক্তির নাম সুনীল এবং ভিকি সিং বলে জানিয়েছে পুলিশ ৷ আগুন লাগার পর দ্রুত বাজার থেকে বেরোতে পারেননি সুনীল এবং ভিকি ৷ গায়ে আগুন লেগেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির ৷ গোরাবাজার অগ্নিকাণ্ডে সব থেকে বেশি বিপাকে পড়েছেন সবজি ব্যবসায়ীরা । বিমা না থাকায় মহাজনের ঋণ কী ভাবে শোধ করবেন ভেবে কূল পাচ্ছেন না কেউই । প্রায় একই পরিস্থিতি অন্য ব্যবসায়ীদেরও ।

কোন মন্তব্য নেই: