আব্দুল সুভান কুরেশি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল না, দাবি তার বাবার - Aaj Bikel
আব্দুল সুভান কুরেশি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল না, দাবি তার বাবার

আব্দুল সুভান কুরেশি কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল না, দাবি তার বাবার

Share This


নয়াদিল্লি : কুখ্যাত সন্ত্রাসবাদী আব্দুল সুভান কুরেশিকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল সোমবার গ্রেফতার করেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আব্দুল সুভান কুরেশিকে কার্যত ক্লিনচিট দিলেন তার বাবা। তিনি দাবি করেন, তার ছেলে কোনও রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল না। প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে আব্দুল সুভান কুরেশির বাবা বলেন, প্রশাসন যা ইচ্ছে তাই বলছে।

উল্লেখ্য, সোমবার দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়, ২০০৮ সালে গুজরাটে ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী আব্দুল সুভান কুরেশিকে গ্রেফতার করা হয়েছে। সিমির সদস্য এবং সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য আব্দুল সুভান কুরেশিকে প্রায় এক দশক ধরে ধরার চেষ্টা করছে পুলিশ। ভারতের ‘মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট’-এর তালিকায় এই সন্ত্রাসবাদীর নাম ছিল। অবশেষে সোমবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর আগে ইন্টারপোলের তরফ রেড নোটিশ আব্দুল সুভান কুরেশির নামে জারি করা হয়েছিল। এনআইএ তরফ থেকে তার মাথার দাম ৪ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।

 প্রসঙ্গত ২৬ জুলাই ২০০৮ সালে গুজরাটের ধারাবাহিক ভাবে ২১টি বিস্ফোরণে হয়। ৭০ মিনিটের মধ্যে ৫৬ জন নিরীহ মানুষ মারা যান। আহত হন ২০০ জন। অন্যদিকে ১১ জুলাই ২০০৬ সালে মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল আব্দুল সুভান কুরেশির নাম। এই দুইটি বিস্ফোরণেই আব্দুল সুভান কুরেশির নাম যুক্ত রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

কোন মন্তব্য নেই: