ডাভোস : ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সম্মেলনে শুরু অাগে সোমবার রাতে আন্তর্জাতিক সংস্থাগুলির সিইও-দের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গেই নয়, দেশীয় সংস্থাগুলির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে ভারতের বৃদ্ধির কথা এবং ব্যবসায় এদেশে সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। টুইট করে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার।
বিদেশমন্ত্রকের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, এদেশে বিনিয়োগের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক সংস্থার কাছে৷ পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও দেশের অগ্রগতির বিষয়টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী৷ ৪০টি আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি ২০টি ভারতীয় সংস্থার সিইও এদিন গোলটেবিল বৈঠক করেন৷ ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে এখন ডাভোসে রয়েছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের চলাকালীন গ্লোবাল কনসালটেন্সি এজেন্সিদের প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুসারে বিশ্বে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।
সোমবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট৷ ভারত-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গণতন্ত্র সহ আরও একাধিক বিষয়ে বৈঠক হয় দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের পর প্রায় ২০ বছর পর ফের ভারতের কোনও প্রধানমন্ত্রী ফোরাম বৈঠকে অংশগ্রহণ করলেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন