মেলবোর্ন : নবম দিনে জোড়া অঘটন ঘটল মেলবোর্ন পার্কে৷ একই কোর্টে পর পর দু’ম্যাচে ছিটকে গেলেন মেয়েদের চতুর্থ বাছাই এলিনা ভিতোলিনা ও ছেলেদের তৃতীয় বাছাই গ্রিগর দিমিত্রভ৷
কোয়ার্টার ফাইনালে ডব্লিউটিএ-র চার নম্বর তারকা ভিতোলিনাকে পরাস্ত করেন বিশ্বব়্যাংকিংয়ের ৩৭ নম্বরে থাকা বেলজিয়ান তারকা এলিস মার্টেন্স৷ স্ট্রেট সেটে ১ ঘণ্টা ১৩ মিনিটের ম্যাচে মাত্র ৪টি গেম ধরে রাখতে সক্ষম হন ভিতোলিনা৷ দ্বিতীয় সেটে একটিও গেম জিততে পারেননি তিনি৷ সেমিফাইনালে ওঠার পথে মার্টিন্স ম্যাচ জেতেন ৬-৪, ৬-০ সেটে৷
এই প্রথমবার কোনও গ্র্যন্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলেন ২২ বছরের বেলজিয়ান তরুণি৷ এর আগে একবার মাত্র অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গল কোর্টে নেমেছিলেন তিনি৷ সেবার যোগ্যতা অর্জন পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁকে৷ মেজর ইভেন্টে সাফল্য বলতে গত বছর ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন তিনি৷ ভিতোলিনা ছিটকে যাওয়ার ঠিক পরের ম্যাচেই রড লেভার এরিনায় আরও একটি ইন্দ্রপতন ঘটে৷ অবাছাই ব্রিটিশ তারকা কাইল এডমুন্ডের কাছে পরাজিত হন মেনস সিঙ্গলসের তৃতীয় বাছাই গ্রিগর দিমিত্রভ৷ বিশ্বের ৪৯ নম্বর এডমুন্ডের বিরুদ্ধে একটি সেট নিজের নামে করলেও বুলগেরিয়ান তারকাকে কোয়ার্টার ফাইনাল হারতে হয় ৪-৬, ৬-৩, ৩-৬, ৪-৬ সেটে৷ গতবার মেলবোর্ন পার্কের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া কাইল ২০১৬ মরশুমের যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন