নয়াদিল্লি : সুপ্রিম রায়ে প্রবল স্বস্তি| গোটা দেশজুড়েই মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির বিতর্কিত ছবি ‘পদ্মাবত’| রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার নিজ নিজ রাজ্য থেকে ‘পদ্মাবত’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল| মঙ্গলবার রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারের সেই আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানিয়েছে, ‘মানুষকে বুঝতে হবে সুপ্রিম কোর্ট হল একটি সংবিধিবদ্ধ বডি| এছাড়াও আমরা আগেই একটি রায় জানিয়ে দিয়েছে|’ পদ্মাবত ছবি নিষেধাজ্ঞা বহালের আর্জি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট এদিন আরও জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব|
আগামী বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা ‘পদ্মাবত’ ছবির| সেন্সরবোর্ডের যাবতীয় শর্ত মেনে চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য কাটছাঁট করা হয়েছে| তা সত্ত্বেও হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই চার রাজ্যে নিষিদ্ধ করা হয় ‘পদ্মাবত’| বিভিন্ন রাজ্যে ‘পদ্মাবত’-কে নিষিদ্ধ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই ছবির প্রযোজক| রাজ্যগুলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে পিটিশন দাখিল করা হয়েছিল, গত বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি সেই পিটিশন শুনানিতে সম্মত হয় সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ| গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়, কোনও রাজ্য এই ছবিকে ব্যান করতে পারে না| শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই দিন জানায়, সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী সিনেমা হল চিত্র নির্মাতাদের বাক স্বাধীনতার অঙ্গ| সে জন্যই পিটিশনারের দাবি মেনে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা এই ৪ রাজ্যের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় আদালত|
সোমবার ফের শীর্ষ আদালতের কাছে সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করেছিল রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার| উভয় রাজ্যের তরফে পিটিশনে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন রাজ্য সরকারের সাংবিধানিক কর্তব্য, ঠিক তেমনই কোনও ছবির জন্য আইনশৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা থাকলে তা নিষিদ্ধ করাও সরকারের দায়িত্ব| রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকারের এই আর্জির প্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, ‘আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব|’
‘পদ্মাবত’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালতে খারিজ হয়ে যাওয়ার পরই রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চন্দ কাটারিয়া জানিয়েছেন, ‘শীর্ষ আদালতে আমাদের রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছে| আমাদের কাছে আর কোনও বিকল্প রইল না| তবে, রাজ্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে আমাদের|’ অন্যদিকে, মধ্যপ্রদেশের আইনমন্ত্রী রামপাল সিং জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে আমরা মেনে নিচ্ছি| একই সঙ্গে মানুষের আবেগকে সম্মান দিতে হবে|’
আগামী বৃহস্পতিবার দেশজুড়ে মুক্তি পাবে ‘পদ্মাবত’ ছবি| তার আগে মঙ্গলবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন| কড়া নিরাপত্তা বেষ্টনীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন দীপিকা| ‘পদ্মাবত’ ছবির মুক্তিকে ঘিরে গন্ডগোল হতেই পারে| এই আশঙ্কার কথা মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রককে লিখিত অনুরোধ জানিয়েছে সিনেমা ওনার্স অ্যান্ড এক্সহিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএইআই)| সিওএইআই-এর তরফে জানানো হয়েছে, যে সমস্ত সিনেমা হলে ‘পদ্মাবত’ ছবি দেখানো হবে, সেখানে যেন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন