উৎসবের মেজাজে ভোট হচ্ছে নোয়াপাড়ায়, দাবি তৃণমূল প্রার্থীর - Aaj Bikel
উৎসবের মেজাজে ভোট হচ্ছে নোয়াপাড়ায়, দাবি তৃণমূল প্রার্থীর

উৎসবের মেজাজে ভোট হচ্ছে নোয়াপাড়ায়, দাবি তৃণমূল প্রার্থীর

Share This


নোয়াপাড়া  :  উৎসবের মেজাজে ভোট হচ্ছে নোয়াপাড়ায়| সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করার পর এমনই মন্তব্য করলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল সিং। সোমবার সকালে গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলে (১০৭/২৮ নম্বর বুথ) তিনি ভোট দেন। ভোটাধিকার প্রয়োগ করার পর বুথের বাইরে এসে তিনি বলেছেন, “আমাকে ২৭১টি বুথে যেতে হবে। তাই সকাল সকাল ভোট দিয়ে নিলাম। এমনিতে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। সাধারণ মানুষকে দেখুন মনে হবে যেন হোলি বা দুর্গাপুজো। ভোট দিয়ে বুথের বাইরে এসে তাঁরা দু’হাত তুলে বলছেন ভিকট্রি।”

সোমবার সকাল সাতটা থেকে চর্তুমুখী লড়াই শুরু হয়েছে নোয়াপাড়া বিধানসভা আসনে| নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল প্রার্থী সুনীল সিং, বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী গৌতম বসু এবং সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের| সকাল সকাল প্রায় প্রতিটি বুথেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে| সকাল ৭.১৫ মিনিট নাগাদ গারুলিয়া হিন্দি ফ্রি প্রাইমারি স্কুলে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং| সকাল ৮.৫৫ মিনিট নাগাদ গারুলিয়া বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়| ভোটদান পর্ব শুরু হওযার প্রায় ঘন্টা দেড়েক পর সকাল ৮.৪৫ মিনিট নাগাদ শ্যামনগরের ব্রহ্মময়ী স্কুলে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ উঠেছে|

নোয়াপাড়া বিধানসভা আসনের ভোটদান পর্বকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে| মোট ২৭৩টি বুথ থাকছে, প্রতিটি বুথকেই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে| অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে| উল্লেখ্য, ২০১৭ সালের ১৮ আগস্ট প্রয়াত হন নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষ| মধুসূদনবাবুর মৃত্যুর কারণে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে| ভোটগণনা হবে আগামী ১ ফেব্রুয়ারি|

কোন মন্তব্য নেই: