রাতভোর পড়ে থাকা সদ্যজাত শিশুকন্যাকে পাহারা দিল তিন সারমেয় - Aaj Bikel
রাতভোর পড়ে থাকা সদ্যজাত শিশুকন্যাকে পাহারা দিল তিন সারমেয়

রাতভোর পড়ে থাকা সদ্যজাত শিশুকন্যাকে পাহারা দিল তিন সারমেয়

Share This

ক্যানিং : গ্রামের এক ব্যক্তির উঠানের পাশে খোলা রান্না ঘরের মধ্যে কেউ ফেলে গিয়েছিল এক সদ্যজাত এক শিশুকন্যাকে। প্রবল ঠাণ্ডার মধ্যে পড়ে থাকা ওই শিশুকন্যাটিকে রাতভোর পাহারা দিল তিন সারমেয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ডেবিসাবাদ গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কে বা কারা শিশুটিকে ফেলে গিয়েছে সে বিষয়ে কিছু জানা যায় নি এখনো। শিশুটিকে মানুষ করতে চেয়ে পাশের গ্রামের এক দম্পতি তাকে নিজেদের বাড়ি নিয়ে যায়। যদিও পরে চাইল্ড লাইনের কর্মীরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে শিশুটিকে।

রবিবার ভোরের আলো ফুটতেই বাড়ির মালিক আব্দুল গনি মোল্লা ও তার পরিবারের লোকজন এক সদ্যজাতকে তিনটি কুকুর মিলে আগলে রেখেছে এই দৃশ্য দেখে কার্যত তাজ্জব বনে যান। সদ্যজাত ঐ শিশুটির মুখ দিয়ে ততক্ষণে গ্যাঁজা বের হতে শুরু করেছে। কি করবেন বুঝতে না পেরে তারাই শিশুটিকে তুলে ঘরে নিয়ে যান। সেখানেই দুধ খাইয়ে তাকে গরম চাদরের মধ্যে জড়িয়ে রাখেন তারা। শিশুকন্যাটি পরে থাকার খবর পেয়ে তাকে দেখতে ভিড় জমান বহু মানুষজন। আসেন পাশের গ্রাম পারুলদা থেকে সবুরা মণ্ডল ও রহমাতুল্লা মণ্ডল নামে এক দম্পতি। নিজেদের চারটি পুত্র সন্তান থাকলেও তাদের কোন কন্যা সন্তান না থাকার কারনে তারাই ঐ শিশুটিকে মানুষ করবেন বলে বাড়ি নিয়ে যান। কুঁড়িয়ে পাওয়া এই শিশু কন্যাটিকে নিজের সন্তানের মত করে মানুষ করবেন বলে জানান সবুরা। কিন্তু কে বা কারা এই সদ্যজাত শিশুটিকে ফেলে গেল সে বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার কোন তথ্য জানা যায় নি।

 তবে স্থানীয়দের অনুমান শিশু কন্যা জন্মানোর কারনেই এই সদ্যজাতকে ফেলে দিয়ে গিয়েছেন পরিবারের লোকেরা। অথবা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই শিশু কন্যার জন্ম হওয়ার কারনে ও তাকে ফেলে যেতে পারেন কেউ বলে মনে করছেন গ্রামের সাধারণ মানুষ। তবে রবিবার দুপুর নাগাদ চাইল্ড লাইনের সদস্যরা এই শিশুটির খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। এ বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

কোন মন্তব্য নেই: