তারাতলায় গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে অবরোধ কংগ্রেসের - Aaj Bikel
তারাতলায় গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে অবরোধ কংগ্রেসের

তারাতলায় গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে অবরোধ কংগ্রেসের

Share This

কলকাতা : তারাতলায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে রবিবার তারাতলা রোড অবরোধ করে কংগ্রেস । তারাতলা থানায় স্মারকলিপি দেয় এসইউসিআই । ১০ মিনিট পরে পুলিশ গিয়ে কংগ্রেসের অবরোধ তুলে দেয় । অবরোধ তুলে দিলেও তারাতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস ।

অভিযোগ, ৬ জন মিলে তারাতলায় পোর্ট ট্রাস্ট কোয়ার্টার চত্বরে গণধর্ষণ করে ওই তরুণীকে । 'গতকাল অভিযুক্ত ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্ত ৬ জনের মধ্যে তিন জনই নাবালক । এই গণধর্ষণের ঘটনা দিল্লির নির্ভয়া-কাণ্ডই খানিকটা মনে করিয়ে দিয়েছে ৷ ঘটনাস্থল ছিল তারাতলা পুলিশ স্টেশন থেকে মাত্র ৫০০ মিটার দূরে পোর্ট ট্রাস্টের এক পরিত্যক্ত কোয়ার্টার ৷

নির্যাতিতা তরুণীর অভিযোগ, তারাতলার ওই পোর্ট ট্রাস্ট কোয়ার্টার চত্বরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি । শুক্রবার দুপুরে স্থানীয় একটি দোকানে মাংস কিনতে যান তরুণী । সেই সময় একটি ছেলে তাঁকে মাংস পার্সেল করে দেওয়ার অছিলায় তার সঙ্গে যেতে বলে । একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় নির্যাতন । একে একে ঘটনাস্থলে পৌঁছয় আরও ৫ অভিযুক্ত । এরপরই ওই পরিত্যক্ত জায়গায় ওই যুবতিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

এমনকি, ওই যুবতীর আরও অভিযোগ, মোবাইলে ঘটনার ভিডিও তুলে রাখে অভিযুক্তরা । ঘটনার কথা পুলিশে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাঁকে । আত্মীয়ের বাড়িতে ফিরে সবকথা খুলে বলে নির্যাতিতা তরুণী। এরপরই তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্ত ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে একজনের বয়স ১৫ এবং দু’’জনের বয়স ১৭ বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷

দিল্লির নির্ভয়াকাণ্ডের পরই নতুন আইন চালু হয়েছে দেশে ৷ সেখানে নাবালক হলেও অপরাধের গুরুত্ব বিচার করে তাদের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে ৷ ধৃতদের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের মধ্যে ৩ সাবালকের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত এবং বাকি ৩ নাবালককে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ৷ ঘটনাস্থলে গিয়ে নমুনা জোগাড় করেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দলও ।

কোন মন্তব্য নেই: