রেলরুট বন্ধ হচ্ছে না বলে সরকারীভাবে জানাল রেল - Aaj Bikel
রেলরুট বন্ধ হচ্ছে না বলে সরকারীভাবে জানাল রেল

রেলরুট বন্ধ হচ্ছে না বলে সরকারীভাবে জানাল রেল

Share This

কলকাতা  : কোনও রেলরুট বন্ধের সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল পূর্ব রেল। শনিবার পূর্ব রেলের তরফে তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তারা কোনও রুট বন্ধ করছে না। সেই এক্তিয়ারও নেই। রুট চালু বা বন্ধের সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক।

রেলমন্ত্রক নাকি রাজ্যের আটটি অলাভজনক রেলরুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। দক্ষিণবঙ্গের এই রুটগুলি লোকসানে চলছে, এই যুক্তি দেখিয়ে সেগুলি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিলেন পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব মলয় দে-কে চিঠিও দিয়েছিলেন তিনি। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু, পরে সুর নরম করে রেল কর্তৃপক্ষ।

মুখ্যসচিবকে চিঠি পাঠানোর বিষয়ে পূর্ব রেলের এক আধিকারিক বলেন, “এটা রুটিন প্রক্রিয়া। সংসদের পাবলিক একাউন্টস কমিটির রিপোর্ট অনুযায়ী প্রত্যেক রাজ্যের কাছে এ ধরনের সুপারিশ পাঠানো হয়। আগেও পাঠানো হয়েছে। তবে, রুট বন্ধের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

কোন মন্তব্য নেই: