সাহারানপুর : গাড়িতে রক্ত দাগ লেগে যাবে। তাই বাইক দুর্ঘটনায় আহত অবস্থায় কাতরাতে থাকা দুই কিশোরকে নিজেদের গাড়িতে তুলতে অস্বীকার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে| নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা মারে একটি বাইক। সংঘর্ষের ফলে বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যায় দুই আরোহী। আহত দুই বাইক আরোহীই কিশোর। তাদের দুই জনের বয়স ১৭। দুর্ঘটনায় আহত অবস্থায় কাতরাচ্ছিল দুই কিশোর। স্থানীয়া বাসিন্দারা ১০০ ডায়াল করে পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে আসে পুলিশের একটি টহলরত গাড়ি। কিন্তু আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে না নিয়ে ঘটনাস্থালে দাঁড়িয়ে থাকে পুলিশের ওই টহলরত গাড়িটি। স্থানীয় বাসিন্দাদের বহু অনুরোধ সত্বেও আহত দুই কিশোরকে নিজেদের গাড়িতে তুলতে অস্বীকার করে পুলিশ।
এর কারণ জানতে চাইলে তারা জানায় গাড়িতে রক্তের দাগ লেগে যাবে তাই আহতদের তোলা যাবে না। পুলিশের এই যুক্তি শুনে স্থানীয় বাসিন্দারা বলে যে, তারা পরে পুলিশের গাড়িটিকে জল দিয়ে ধুয়ে দেবে। তখন কর্তব্যরত পুলিশকর্মীরা জানায় গাড়ি ধুলে তারা টহল দেবে কীসে। এই অদ্ভুত যুক্তি দেখিয়ে আহত দুই কিশোরকে গাড়িতে তুলতে অস্বীকার করে পুলিশকর্মীরা। স্থানীয়রা জানায় তাদের কাছে কোনও গাড়ি নেই। তাই তারা পুলিশের কাছে অনুরোধ করেছিল আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কোনও পথ না দেখতে পেয়ে পাশ দিয়ে যাওয়া গাড়িগুলিকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করেছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। স্থানীয়দের তরফ থেকে বহুবার পুলিশের কাছে অনুরোধ করা হলেও তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছে দুই কিশোর। এরপরে স্থানীয় থানা থেকে একটি গাড়ি এসে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে, গোটা ঘটনাটিকে মোবাইলে ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা ভাইরাল হয়ে যায়। এই বিষয়ে সারানপুরের পুলিশ প্রধান পি পি সিং বলেন, ‘টহলরত পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য। অভিযুক্ত পুলিশদের সাসপেন্ড করা হয়েছে।' স্থানীয় বাসিন্দাদের দাবি, ঠিক সময় যদি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া যেত তবে অকালেই তাঁদের প্রাণ যেত না। পুলিশ সূত্রের খবর, নিহতরা হল সানি এবং অর্পিত খুরানা । মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন