স্মৃতি ফেরাতে ৫৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ফের বিয়ে করলেন আশি পেরনো বৃদ্ধ - Aaj Bikel
স্মৃতি ফেরাতে ৫৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ফের বিয়ে করলেন আশি পেরনো বৃদ্ধ

স্মৃতি ফেরাতে ৫৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ফের বিয়ে করলেন আশি পেরনো বৃদ্ধ

Share This


কলকাতা : দীর্ঘ ১৫ বছর ধরে অ্যালঝেইমার ও ডিমেনসিয়ায় আক্রান্ত স্ত্রী । বিস্মৃতির আড়ালে হারিয়েছে সবকিছু । স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে সবকিছুই করতে হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বামীকে । কিন্তু কোনওদিনের জন্য স্ত্রীর প্রতি ভালোবাসায় এতটুকু কমতি পড়েনি । স্মৃতি ফেরাতে ৫৫ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রী গীতাকে ফের বিয়ে করলেন দমদম ক্যান্টনমেন্টের পবিত্র নন্দী । সানাই, মালাবদল, উলু-ধ্বনি, ভুরিভোজ। বাদ গেল না কিছুই । দম্পতিকে শুভেচ্ছা জানালেন থেকে আত্মীয় থেকে অতিথিরা ।

অধ্যাপক পবিত্র নন্দী পড়াতেন গীতাদেবীকে । সেই থেকেই হৃদয় বিনিময় । তারপর পবিত্রবাবু অধ্যাপক হন । গীতাদেবী বি আর সিং হাসপাতালের চিকিৎসক । দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানও হন ৷ বিয়ের আগের প্রেম মানেনি মেয়ের পরিবার । কত অপেক্ষা-কত পরিশ্রম করে আপন করেছিলেন প্রিয়তমাকে । ১৯৬৩ সাল । একজন হয়েছিলেন আরেজনের । এক হয়েছিল দুই হাত । দুই জীবন । সাত পাকে ঘুরে শপথ নিয়েছিলেন সাতজন্মের । তারপর থেকে কেটে গেছে দীর্ঘ অনেকগুলি বছর । একসঙ্গে পথ চলা । একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া । কিন্তু ১৫ বছর আগে হঠাত্ তাল কাটে সেই সুখের সংসারের । ডিমেনশিয়ায় আক্রান্ত হন গীতা দেবী । ধীরে ধীরে ভুলতে শুরু করেন সবকিছু। গত ১৫ বছর ধরেই অসুস্থ গীতা দেবী । ঝাপসা হয়ে গেছে সব স্মৃতি । কিন্তু কোনওদিনও অসুস্থ স্ত্রীকে ছেড়ে যাননি স্বামী পবিত্রচিত্র নন্দী ।

অ্যালঝেইমার ও ডিমেনসিয়া, জটিল রোগে আক্রান্ত স্ত্রী গীতা । জীবনের নানা ওঠাপড়ার স্মৃতি মনে নেই কিছুই । চিনতে পারেন না প্রিয় স্বামীকেও । কথা হারিয়েছেন । জীবনের পঞ্চান্ন বসন্ত পেরিয়ে আবার সাত জন্মের অঙ্গীকার । বিবাহবার্ষিকীতে ফের সাত পাকে আবদ্ধ হলেন বৃদ্ধ দম্পতি । স্মৃতি ফেরাতে আবার বিয়ের অনুষ্ঠানের পরামর্শ দেন চিকিৎসক । চিকিৎসকের পরামর্শেই তাই বিবাহবার্ষিকীতেই ফের বিয়ের পরিকল্পনা করেন আশি পেরনো বৃদ্ধ । এরপরই পঞ্চান্নতম বিবাহবার্ষিকীতে স্ত্রী গীতা নন্দীকে নিয়ে বিয়ের আয়োজন করেন তিনি । মালাবদল, উলু-ধ্বনি, ভুরিভোজ। বাদ গেল না কিছুই । এবার যদি মনে পড়ে সেইসব দিন ৷

কোন মন্তব্য নেই: